টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১২
কক্সবাজারের টেকনাফে গতকাল বুধবার ২ লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ১২ জনকে আটক করা হয়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. নাফিউর রহমান বলেন, গতকাল বেলা একটার দিকে সেন্ট মার্টিন থেকে চার নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে একটি ট্রলারকে থামার সংকেত দেন কোস্টগার্ডের সদস্যরা। এ সময় ট্রলার থেকে ১২ জন মাঝিমাল্লাকে সাগরে ফেলে দেওয়া হয়। পরে ট্রলারটি মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এরপর ওই ১২ জনকে সাগর থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করা একজনের সঙ্গে থাকা একটি ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
আটক ব্যক্তিরা হলেন মো. ইউসুফ, আবু ছৈয়দ, আবদুস সালাম, সালামত আলী, আবুল বাশার, সাবের আহমদ, মো. জাবেদ, মো. নাছির, মো. হাশেম, মো. শফি, মনির আহমদ ও আবুল কালাম।
কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল বিকেলে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকায় নাফ নদীতে পরিত্যক্ত অবস্থায় একটি জারিকেন পাওয়া যায়। পরে ওই জারিকেনের ভেতর থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
লে. নাফিউর রহমান বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে।