টেকনাফে ২ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে মোট ২ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় এসব অভিযান চালানো হয়। এর মধ্যে একটি অভিযানে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক আবদুল করিম সাবরাং মুন্ডারডেইল গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, মুন্ডারডেইল সমুদ্রসৈকত এলাকা দিয়ে শুক্রবার ভোরে ইয়াবার একটি বড় চালান খালাস হতে পারে এমন তথ্য ছিল বিজিবির কাছে। গতকাল ভোর চারটার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী ব্যক্তিরা সমুদ্রসৈকত এলাকায় একটি বস্তা ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
অপরদিকে সকাল ছয়টার দিকে সাবরাং মুন্ডারডেইল গ্রামের রাস্তামাথা এলাকায় সন্দেহ হওয়ায় বিজিবির টহল দলের সদস্যরা ওই গ্রামের বাসিন্দা আবদুল করিমকে তল্লাশি করেন। এ সময় করিমের হাতে থাকা পলিথিনের ব্যাগে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
দুটি অভিযানের বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা ২ লাখ ৫০ হাজার ইয়াবা ব্যাটালিয়ান সদর দপ্তরে জমা রাখা হয়েছে। আর ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।