টেকনাফে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের দাবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে আজ শনিবার সকালে ২০ হাজার ইয়াবাবড়ি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের ভাষ্য, নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান আসছে বলে গোপন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে আজ সকাল আটটার দিকে বিজিবির একটি দল নাফ নদীতে অভিযান চালায়। এ সময় একটি নৌকা থামাতে সংকেত দেয় বিজিবি। তখন ওই নৌকায় থাকা কয়েক ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের দাবি, উদ্ধার করা ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা। তিনি জানান, উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।