টেকনাফে ২১ হাজার ৭৭৫টি ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ২১ হাজার ৭৭৫টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল শুক্রবার রাত নয়টার দিকে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়া থেকে র‍্যাব সদস্যরা ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এর আগে সন্ধ্যা সাতটার দিকে হ্নীলার দমদমিয়ায় বিজিবির তল্লাশি চৌকিসংলগ্ন এলাকা থেকে ৫ হাজার ৭৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

র‍্যাবের অভিযানে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার মো. হাসেম (৩৮) ও দক্ষিণ জালিয়াপাড়ার মো. কামাল হোসেনকে (৪০) আটক করা হলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কাউকে আটক করতে পারেননি। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মেহেদী হাসান ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রাতে র‍্যাব টেকনাফ ক্যাম্প-১-এর সদস্যরা হাসেমের বাড়িতে অভিযান চালান। পরে একটি পলিথিনের শপিং ব্যাগের ভেতর থেকে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

একই দিন রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের হ্নীলার দমদমিয়ায় বিজিবির তল্লাশি চৌকিসংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক লেগুনকে থামার সংকেত দিলে চালক গাড়িটিকে রেখে পালিয়ে যান। পরে গাড়িতে তল্লাশি চালালে টুলবক্সের ভেতর থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ২৯টি প্যাকেটে ৫ হাজার ৭৭৫টি ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় লেগুনাটি জব্দ করে চালক মো. বাবুলকে আসামি করা হয়েছে। গাড়িটি থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ আটক দুজনকে আজ দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।