টেকনাফে ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে। দুটি ঘটনায় মিয়ানমারের চারজন নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নে নাফ নদীর কেওড়াবাগান এলাকা থেকে একটি নৌকাসহ মিয়ানমারের চারজন নাগরিককে গ্রেপ্তার করে বিজিবি। এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি গ্রাম থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ।
টেকনাফ ২ বিজিবির উপ–অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশের সাবরাং সীমান্ত পয়েন্টে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া সীমান্তচৌকির বিজিবির সদস্যরা শনিবার রাতে কেওড়াবাগানে অবস্থান নেন। রাত ১১টার দিকে সন্দেহভাজন একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা নৌকাটি থামার সংকেত দেন। এ সময় নৌকাটি নিয়ে পালানোর চেষ্টা চালানো হয়। পরে বিজিবির সদস্যরা স্পিডবোটে করে ধাওয়া দিয়ে নৌকাটি আটক করতে সক্ষম হন। নৌকায় তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৯০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।
টেকনাফ ২ বিজিবির উপ–অধিনায়ক বলেন, আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু থানার মংনিপাড়ার শফি আলম (২৬), মো. নূর (২০), মো. জোবায়ের (২২) ও মো. আবু নাঈম (২৩)। তাঁদের টেকনাফ থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এদিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে বলেন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিনের নেতৃত্বে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলি গ্রামের শামসুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির আলমিরায় ২ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় শামসুলের বড় ছেলে কবির আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, কবিরসহ পাঁচ আসামিকে গতকাল দুপুরে কক্সবাজারের বিচারিক হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।