টেকনাফে ২৪ হাজার ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনি এলাকা থেকে গতকাল শুক্রবার ২৪ হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন হ্নীলার জাদিমুরার মো. আনোয়ার হোসেন (১৮) ও মোচনির মো. গজর মিয়া (১৮)।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোররাতে বিজিবির একটি দল মোচনি এলাকার প্যারাবনে অবস্থান নেয়। সকাল সাতটার দিকে একটি নৌকা মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। এ সময় বিজিবির সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন। কিন্তু নৌকায় থাকা দুজন পালানোর চেষ্টা করেন। পরে তাঁদের আটক করা হয়। এরপর নৌকায় তল্লাশি চালিয়ে ২৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় নৌকাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক দাম ৭২ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আটক দুজনকে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
এদিকে টেকনাফ থেকে গতকাল ৪৮৮টি ইয়াবা বড়িসহ এক নারীকে আটক করেছে বিজিবি। আটক নারী জোসনা বেগমের (৪০) বাড়ি রাজবাড়ীতে।
বিজিবি সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে বিজিবির দমদমিয়া তল্লাশি চৌকিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাসে ওই নারী যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে ৪৮৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় সোপর্দ করে মামলা করা হয়।