টেকনাফে ৩০ হাজার ইয়াবা বড়ি, গুলিসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে গত মঙ্গলবার রাতে ইয়াবা বড়ি, পিস্তলের গুলি, ছুরি ও মোটরসাইকেলসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মিয়ানমারে আকিয়াব জেলার সৈয়দ হোসেন ও টেকনাফ সদর এলাকার হোসেন আহমদ ওরফে ভুলু মাঝি।
পুলিশ জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফের লেঙ্গুরবিল পর্যটন সমুদ্রসৈকত এলাকা দিয়ে খালাস করা হবে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে সেখানে পুলিশের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণ পর সৈকতের পাশে ঝাউবাগান এলাকা দুটি মোটরসাইকেলে করে পার হচ্ছিল চার-পাঁচজন যুবক। তাদের থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করে। অপর মোটরসাইকেলের আরোহীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি ও ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে জানান, পাচারকারীদের ধরার সময় দুই পক্ষের হাতাহাতিতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন, কনস্টেবল নুরুল আলম ও মো. মামুন এবং পাচারকারী হোসেন আহত হন। তিনি জানান, আটক দুজনসহ ফরিদ আলম, আজিম উল্লাহ ও মো. সাব্বিরকে পলাতক আসামি করে অস্ত্র, মাদক, পুলিশের ওপর হামলা ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক চারটি মামলা করা হয়েছে।