টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে ৪ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের লেজিরপাড়া এলাকার লবণ মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, লেজিরপাড়ার লবণ মাঠ এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আনা হবে-এমন খবরের ভিত্তিতে ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকীর নেতৃত্বে একটি দল ওই এলাকায় যায়। বিজিবির সদস্যরা সেখানে গিয়ে চারটি বস্তাসহ দুই ব্যক্তিকে দেখতে পান। তাঁরা ওই দুই ব্যক্তিকে দাঁড়াতে বললে বস্তাগুলো ফেলে দৌড়ে পালিয়ে যান ওই দুজন। পরে ওই চার বস্তায় ৪ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।
মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, উদ্ধার করা ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।