টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ নৌকা ও জাল উদ্ধার
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে ৪০ হাজার ইয়াবাসহ একটি নৌকা ও জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে রাতে টেকনাফ সদর ইউনিয়নের আড়াই নম্বর স্লুইসগেইটসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় একটি অভিযান চালানো হয়। বিজিবির সদস্যরা একটি নৌকার ৩-৪ জনকে ইয়াবা আছে কি না জিজ্ঞেস তাদের সঙ্গে হাতাহাতি হয়। একপর্যায়ে ভারী বৃষ্টির কারণে নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। ওই সময় নৌকাটিতে তল্লাশি চালালে জালের নিচ থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে নৌকাসহ জালগুলো জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা বলে বিজিবি দাবি করেছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবাগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।