টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ৪
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকা থেকে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৪০ হাজার ইয়াবা বড়ি ও সাড়ে চার লাখ টাকাসহ মিয়ানমারের চার নাগরিককে আটক করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির দাবি, ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের মো. ইসমাইলের বাড়িতে তল্লাশি চালায়। বিজিবির সদস্যরা ওই বাড়ির ভেতর থেকে ইয়াবা বেচাকেনার সময় চারটি প্যাকেটে ৪০ হাজার ইয়াবা বড়ি, নগদ চার লাখ ৫৬ হাজার ৫০০ টাকা এবং মিয়ানমারের তিন নাগরিকসহ চারজনকে আটক করেন। এ সময় মো. আমিন নামের একজন পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মংডু শহরের ধলিয়াপাড়ার মো. আবদুল হাকিমের ছেলে মো. ইসমাইল (২১), আবদুস শুক্কুরের ছেলে মো. নূর ইসলাম (৩০), সিকদারপাড়ার মো. আবদুর রহমানের ছেলে মো. রফিক (১৮) ও টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার মো. ছিদ্দিকের ছেলে মো. ইসমাইল (৫২)। আটক ইয়াবার দাম এক কোটি ২০ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে বলেন, পলাতক মো. আমিনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও বৈদেশিক আইনে টেকনাফ থানায় মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।