টেকনাফে ৪৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৬
কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার ৪৪ হাজার ইয়াবা বড়িসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে টেকনাফ পৌরসভার বার্মিজ মার্কেট থেকে ৪০ হাজার ইয়াবা বড়িসহ নজরুল ইসলাম (২০) ও মাহমুদুল আলমকে (৪০) গ্রেপ্তার করা হয়। গতকাল সকালে টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ নুরুল হোসেন (২২), ছলিম উল্লাহ (২৪) ও নুর নবীকে (২৫) গ্রেপ্তার করেন।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে বিজিবির হোয়াইক্যং তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৯৮৯টি ইয়াবা বড়িসহ সাইফুল ইসলামকে (২২) আটক করা হয়। এ ছাড়া সকালে হোয়াইক্যং তল্লাশি চৌকিতে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৭৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।