টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে এ তথ্য জানান।

বিজিবির ভাষ্য, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী হয়ে বাংলাদেশে আসছে বলে তাদের কাছে তথ্য আসে। এই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে শাহপরীর দ্বীপ চৌকির জওয়ানরা নাফ নদীর পাঁচ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে বেড়িবাঁধের ওপর একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবা বড়ির মূল্য প্রায় দেড় কোটি টাকা। উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।