টেকনাফে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর বেড়িবাঁধ এলাকা থেকে আজ শুক্রবার ভোরে ৫০ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা ও জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের একটি দল ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়াসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় একটি নৌকাকে থামার জন্য সংকেত দেয়। এ সময় নৌকার চারজন মাঝি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালালে জালের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও নৌকাটি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে বিজিবি দাবি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযানে নেতৃত্বদানকারী ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ইয়াবা বড়িগুলো বিজিবির সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।