টেকনাফে ৫৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, এক পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে প্রায় ৫৫ হাজার ইয়াবাবড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ইয়াবা উদ্ধারে গত শুক্রবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নৌকা ও পাচারকারী এক নারীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত আটটার দিকে শাহপরীর দ্বীপ চৌকির জওয়ানেরা নাফ নদীর পাঁচ নম্বর স্লুইস গেট এলাকায় অভিযান চালান। এ সময় একটি নৌকা বেড়িবাঁধে ভেড়ানোর পর পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
একই দিন রাত ১০টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের লেদা নামক এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসে
তল্লাশি চালিয়ে চার হাজার ৯২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় উপজেলার জাদিমুরা এলাকার আবদুর রহিমের স্ত্রী তাহেরা খাতুনকে আটক করা হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, উদ্ধার করা ইয়াবা বড়ির মূল্য এক কোটি ৬৫ লাখ টাকা। আটক পাচারকারী ও নৌকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।