টেকনাফে ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে ৬০ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাতে ও গতকাল রোববার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি দল সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় স্থানীয় আবদুল হোসাইনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির মেঝেতে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। ইয়াবা মজুত রাখার দায়ে তিনজনকে আটক করা হয়। তারা হলো আবদুল হোসাইনের স্ত্রী সাজিরা বেগম, ছেলে মো. ইসমাইল ও জান্নাত বিবি।
লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে ইয়াবার চালান পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। নাফ নদীর ঝাউবাগান থেকে সন্দেহভাজন দুজন লোককে বেড়িবাঁধের দিকে আসতে দেখে তাদের থামার সংকেত দিলে তারা একটি ব্যাগ ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়। ওই ব্যাগে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।