টেকনাফে ৬২ হাজার ইয়াবা বড়ি জব্দ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬২ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি ঘটনায় মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম সাব্বির আহমদ (৩৫)। গতকাল সোমবার ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা থেকে ইয়াবার দুটি চালান আটক করা হয়।
জানতে চাইলে টেকনাফের ২ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে দমমমিয়ার চৌকির তিনটি বিশেষ টহল দল হ্নীলা এলাকায় নাফ নদীর প্যারাবনে অবস্থান নেয়। গতকাল ভোর তিনটার দিকে উত্তর জাদিমুরার বেড়িবাঁধের ওপর দুই ব্যক্তিকে দেখা যায়। দূর থেকে থামানোর সংকেত দিলে তারা ব্যাগ ফেলে দৌড়ে পাশের গ্রামে ঢুকে পালিয়ে যায়। ব্যাগটিতে ৪০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমুরা এলাকা থেকে ২১ হাজার ৪৫২টি ইয়াবা বড়িসহ সব্বির আহমদ নামে মিয়ানমারের এক নাগরিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।