কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে ৮৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মিয়ানমারের মংডু সুধাপাড়া গ্রামের রহমত উল্লাহ (২২) ও কাউয়ারবিলের মো. নুরুল আমিন (২০)।
২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার রাতে নাফ নদীসংলগ্ন সাবরাংয়ের আলুগোলা চিংড়িঘের এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় ২০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, ওই দুই ব্যক্তিকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে বিজিবি জানায়, শুক্রবার রাতে ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে একটি বিশেষ দল নাফ নদীসংলগ্ন টেকনাফ পৌরসভার ১ নম্বর স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ব্যাগ হাতে এক ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা তাঁকে থামতে বলেন। এরপর ওই ব্যক্তি ব্যাগটি ফেলে দিয়ে পালিয়ে যান। পরে ব্যাগে ৬৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।