টেকনাফে 'জায়ের হাতে' নারী খুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলা ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার মরিয়ম খাতুন (৩০) নামের এক নারী খুন হয়েছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর জাকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল হ্নীলার জাদিমুরা এলাকার মো. ইলিয়াসের স্ত্রী মরিয়ম খাতুন সাহরি শেষে নিজ কক্ষে ঘুমাতে যান। এ সময় তাঁর ছোট জা হাসিনা বেগম (২৮) পারিবারিক কলহের জের ধরে মরিয়মকে ছুরিকাঘাত করেন। মরিয়মের চিৎকারে লোকজন জড়ো হয়ে ছুরিসহ হাসিনা বেগমকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আহত মরিয়মকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, নিহত নারীর বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
নিহত নারীর স্বামী মো. ইলিয়াস বলেন, এ ঘটনায় হাসিনাকে আসামি করে হত্যা মামলা করা হবে।
টেকনাফ মডেল থানার ওসিআবদুল মজিদ বলেন, পারিবারিক কলহের জের ধরে ওই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরিয়মের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।