টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ইয়াবা ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইউসুফ জালাল ওরফে বাহাদুর (৩৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী। ইউসুফ জালাল টেকনাফ ইউনিয়নের ছোট হাবিবপাড়ার খলিলুর রহমানের ছেলে।

আজ শুক্রবার ভোররাতে টেকনাফ ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ইউসুফ জালালকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাঁকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। রাত আড়াইটার দিকে টেকনাফ সদরের মৌলভীপাড়া নামক এলাকায় পৌঁছালে বাহাদুরকে ছিনিয়ে নিতে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাহাদুরকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধের ঘটনায় পুলিশের পাঁচজন সদস্য উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক জামান, কনস্টেবল রুবেল, মহি উদ্দিন ও মো. ইব্রাহিম আহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি দেশীয় অস্ত্র (এলজি), ২৪টি গুলি, ৩০ হাজার পিস ইয়াবা ও ৩৫টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, বাহাদুরের বুকে ও পেটে তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশের পাঁচজন সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত বাহাদুর চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ব্যবসা ও হত্যা মামলাসহ ১২টি মামলা আছে। তাঁর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইয়াবা ব্যবসায়ীদের শীর্ষ তালিকায় রয়েছে। নিহত বাহাদুরের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নিহতের বাবা খলিলুর রহমান বলেন, ‘দিনদুপুরে আমার ছেলেকে আটক করে পুলিশ। পরে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের নাম ভাঙিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

ওসি বলেন, চলতি বছরের গত ২৫ মে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকা থেকে সাবরাং ইউপির সদস্য আক্তার কামালের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছিল। আক্তার কামালের সহযোগী ছিলেন ইউসুফ জালাল ওরফে বাহাদুর। তাঁদের নিয়ন্ত্রণে বিশাল একটি চক্র রয়েছে।

চলতি বছরের ৪ মে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযান শুরু হয়। এ নিয়ে র‍্যাব-পুলিশের বন্দুকযুদ্ধ ও এলাকায় মাদকের প্রভাব বিস্তারের ঘটনায় টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকসহ ২৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের বাড়ি ঢাকা, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে। অন্য ২২ জনের বাড়ি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায়।