টেকনাফে 'বন্দুকযুদ্ধে' এক রোহিঙ্গা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাহমুদুল হাসান (৪১) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। তিনি টেকনাফের নয়াপাড়ার মোচনি রোহিঙ্গা শরণার্থীশিবিরের এইচ ব্লকের বাসিন্দা। গতকাল বুধবার রাত দেড়টার দিকে হ্নীলা ইউনিয়নের শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, মাহমুদুল শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবিরে ডাকাত সর্দার মোহাম্মদ জকিরের সহযোগী ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ডাকাতি ও ইয়াবার ৬টি মামলা আছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেন।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১৮টি গুলি, ৩টি দেশীয় তৈরি এলজি, ২টি ম্যাগাজিন ও ১৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের কনস্টেবল মিঠুন জয়, মোহাম্মদ শাহীন ও হাবিব উল্লাহ আহত হয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে টেকনাফের শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় ডাকাত সর্দার জকির তাঁর বাহিনীর লোকজনকে নিয়ে আস্তানায় অবস্থান করছেন। পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা গহিন পাহাড়ের দিকে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি ও পুলিশ সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া মাহামুদ বলেন, রাতে পুলিশ এক ব্যক্তি ও তিনজন পুলিশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুলিবিদ্ধ মাহমুদুল হাসানকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তাঁর শরীরে তিনটি গুলির চিহ্ন দেখা যায়। তবে তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মাহমুদুলের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা আছে। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মাহমুদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।