টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দিবাগত রোববার রাত দুইটার দিকে নাফ নদীর হ্নীলার জাদিমোরা এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিজিবির ভাষ্য, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে কর্নেল মো. ফয়সল হাসান খান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে বলে তথ্য পেয়ে রাতে টেকনাফের দমদমিয়া সীমান্তচৌকির একটি টহল দল জাদিমোরা নাফ নদী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি নৌকা বাংলাদেশের দিকে আসছিল। নৌকায় থাকা লোকজন বিজিবি সদস্যদের দেখামাত্র গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজিবির কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি ও দেশীয় একটি একনলা বন্দুক, দুটি গুলির খোসা ও একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। লাশটি পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।