টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন বিজিবি সদস্য আহত হন। আজ মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা নাফ নদীর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন হ্নীলার জাদিমোরা এলাকার আবদুস সালামের ছেলে ইমাম হোসেন (২৫)।
ঘটনাস্থল থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি, একটি দেশীয় বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি ধারালো লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, জাদিমোরা এলাকার নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশের প্রবেশ করবে, এমন তথ্যের ভিত্তিতে দমদমিয়া সীমান্ত চৌকি এলাকায় বিশেষ টহল দল অভিযানে যায়। এ সময় একজনকে কেওড়া বাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। এর কিছুক্ষণ পর কয়েকজন লোককে নৌকা নিয়ে মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। নৌকাটি নদীর কিনারায় আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নৌকার দিকে এগিয়ে যেতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির টহল দলকে লক্ষ্য করে নৌকার আরোহীরা অতর্কিতভাবে গুলি ছোড়ে।
এতে দুজন বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ৭ থেকে ৮ মিনিট গোলাগুলি বিনিময় হয়। এ সময় গুলি করতে করতে পাচারকারীরা নৌকা নিয়ে পালিয়ে যায়। গোলাগুলি থামার পর ঘটনাস্থলে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল প্রথম আলোকে বলেন, ভোররাতে বিজিবি তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে দুজন বিজিবি সদস্য। অন্যজন সাধারণ মানুষ। তাঁর নাম ইমাম হোসেন। তাঁর শরীরে দুটি গুলির জখম ছিল। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকালে বিজিবির দুজন সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে।
চলতি বছরের ৪ মে থেকে সারা দেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে আজ মঙ্গলবার পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবি ও মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বন্দুকযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত কক্সবাজার জেলায় তিনজন নারীসহ ১৯০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন নারীসহ ৫১ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।