টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, আজ শুক্রবার ভোররাত সাড়ে তিনটার দিকে সাবরাং খুরেরমুখ সমুদ্রসৈকতের ঝাউবাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

নিহত দুজন হলেন সাবরাং ইউনিয়নের সিকদারপাড়ার সুলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৬) ও হ্নীলার পূর্ব সিকদারপাড়ার তোফায়েল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২৮)।

গুলিবিদ্ধ চারজন পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আমির হোসেন, কনস্টেবল মেহেদী হাসান, আব্দুস শুক্কুর ও মহিউদ্দিন।

পুলিশের ভাষ্য, নিহত দুই ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি দেশীয় অস্ত্র (এলজি), ৩০টি গুলি ও ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের ভাষ্য, আজ রাতে ওই দুজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী মজুত রাখা মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে উপজেলার সাবরাং খুরেরমুখ এলাকায় গেলে তাঁদের সহযোগীরা আটক দুজনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের মধ্যে গোলাগুলি হয়। ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে ৩০টি পাল্টা গুলি ছোড়ে। পরে কয়েকজন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যান। ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। ওই দুজনসহ গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, গুলিবিদ্ধ পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে দুজনের মৃত্যু হয়। তাঁদের দুজনের দেহে দুটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে।

ওসি বলেন, গত ২৪ অক্টোবর থেকে আজ শুক্রবার (২ নভেম্বর) পর্যন্ত চারটি অভিযানে ছয়জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৬টি অস্ত্র (এলজি), ৮৫টি গুলি ও ৪১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে গত ৪ মে থেকে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে মাদকবিরোধী অভিযানে শুধু টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ১২ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এর মধ্যে দুজন করে চারজন নিহত হন কক্সবাজার ও ময়মনসিংহে।