টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার আসামি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. হোসেন (৩৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, মো. হোসেনের বাড়ি টেকনাফ উপজেলার সাতগড়িয়াপাড়ায়। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলাসহ ছয়টি মামলা আছে।

পুলিশ জানায়, মো. হোসেনকে গতকাল রাত আটটার দিকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নাফ নদী দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার কথা জানান। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে নিয়ে নাফ নদীর কাছে গেলে তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি এলজি, নয়টি কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় মো. হোসেনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ গুলিবদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনে। তাঁর বুক ও পেটে তিনটি গুলির চিহ্ন ছিল। পরে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। আহত তিন পুলিশ সদস্য এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পুলিশ জানায়, কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মো. হোসেন মারা যান। তাঁর লাশ সেখানকার মর্গে আছে।

প্রসঙ্গত কক্সবাজারে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এ পর্যন্ত ২ নারীসহ ১৩৫ জন নিহত হয়েছেন।