টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার আসামি নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ সেলিম ওরফে সেলিম ডাকাত (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, নিহত সেলিম তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল কেরুনতলী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক ওসি প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সেলিম উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলে কাদির হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, সেলিমের বিরুদ্ধে ইয়াবা ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র (এলজি), এক হাজার ইয়াবা বড়ি, ৬টি তাজা কার্তুজ ও ৭টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশের আহত তিন সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান, কনস্টেবল আব্দুস শুক্কুর ও মেহেদী হাসান।
পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে হোয়াইক্যং বাজার সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের দলটি চাকমারকুল এলাকার কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অপরাপর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালানোর সময় সেলিম উভয় দলের ‘বন্দুকযুদ্ধের’ মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম ও তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিবিদ্ধ সেলিমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খান এ আলম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে পুলিশ গুলিবিদ্ধ একজনসহ তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ সেলিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা শেষে আজ বুধবার সকাল দশটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
গত বছরের ৪ মে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আজ বুধবার পর্যন্ত র্যাব-বিজিবি-পুলিশের সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের ‘বন্দুকযুদ্ধ’ এবং ইয়াবা ব্যবসায়ীদের ‘অন্তর্কোন্দলের’ কারণে কক্সবাজার জেলায় তিন নারীসহ ১৮৪ জন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারীসহ ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন।