টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মিয়ানমারের মাদক ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় একজন ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হয়েছেন। আটক হয়েছেন মিয়ানমারের একজন নাগরিক। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে ৩০ হাজার ইয়াবা বড়িও।
গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ওই ব্যক্তির নাম মোহাম্মদ দরবেশ (২০)। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া গ্রামে। এ নিয়ে গত দেড় বছরে বন্দুকযুদ্ধের বিভিন্ন ঘটনায় ১১ ইয়াবা ব্যবসায়ী নিহত হলেন। এই সময়ে উদ্ধার করা হয়েছে প্রায় সাড়ে তিন লাখ ইয়াবা বড়ি।
মিয়ানমার থেকে নৌকায় ইয়াবার চালান নিয়ে টেকনাফ আসার পথে উপজেলার সাবরাং ইউনিয়নের একটি চিংড়ি খামার এলাকায় বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে ইয়াবার চালান আসছে—এ খবরে বিজিবির টহল দল বুধবার রাতে সাবরাং ইউনিয়নের ৩ নম্বর স্লুইসগেট-সংলগ্ন একটি চিংড়ি খামারে অবস্থান নেয়। পরে রাত দুইটার দিকে একটি নৌকা মিয়ানমারের দিক থেকে খামারের পাশে বেড়িবাঁধের কাছে এলে সেটি থামানোর সংকেত দেয় বিজিবি। তখন নৌকায় থাকা চারজন গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় বিজিবিও গুলি ছোড়ে। একপর্যায়ে পাচারকারীরা নাফ নদীতে ঝাঁপিয়ে পড়ে উপকূলীয় প্যারাবনে আত্মগোপন করেন।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, বন্দুকযুদ্ধ শেষে বিজিবির সদস্যরা সলিম উল্লাহ নামের (১৯) একজন পাচারকারীকে আটক করতে সক্ষম হন। পরে বেড়িবাঁধের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা মোহাম্মদ দরবেশকে আটক করে বিজিবি। তাঁর কাছ থেকে ৩০ হাজার ইয়াবা বড়ি, একটি এলজি, দুটি গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়। জব্দ করা হয় নৌকাটি।
বিজিবি সূত্র জানায়, গুলিবিদ্ধ মোহাম্মদ দরবেশকে গুরুতর আহতাবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়াবা, অস্ত্রশস্ত্রসহ সলিম উল্লাহকে টেকনাফ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, হাসপাতালে আনার আগেই দরবেশের মৃত্যু হয়েছে। তাঁর কোমর ও পেটে গুলির চিহ্ন পাওয়া গেছে।
টেকনাফ থানাহাজতে আটক সলিম উল্লাহ ইয়াবার চালান আনা ও বিজিবির সঙ্গে তাঁদের গোলাগুলির ঘটনার কথা স্বীকার করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, তাঁদের দুজন সহযোগী উসমান ও সুলতান পালিয়ে গেছেন। এর আগেও তাঁরা মিয়ানমার থেকে সাতটি ইয়াবার চালান টেকনাফে নিয়ে আসেন। কিন্তু কার কাছে এসব চালান নিয়ে গেছেন, সে ব্যাপারে কথা বলতে রাজি হননি তিনি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, দরবেশের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিভাবক পাওয়া না গেলে তাঁকে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।
ওসি জানান, ওই ঘটনায় বিজিবি টেকনাফ থানায় চারটি মামলা করেছে। আটক সলিম উল্লাহকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।