টেকনাফে 'স্বামীর ছুরিকাঘাতে' স্ত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে ছুরিকাঘাতে রশিদা বেগম (৩২) নামের এক নারী নিহত হয়েছেন।
স্বজনদের অভিযোগ, স্বামী মো. হোসেন ছুরিকাঘাত করে রশিদাকে হত্যা করেছেন। ঘটনায় পর থেকে হোসেন পলাতক।
হোসেনের পরিবার পৌরসভার পুরান পল্লানপাড়ায় আবদুস শুক্কুরের বাড়িতে ভাড়া থাকেন। পুলিশ ও পরিবার সূত্র জানায়, গতকাল ভোররাতে হোসেনের স্ত্রীর চিৎকার শুনে বাড়ির মালিক আব্দুস শুক্কুর এগিয়ে যান। এ সময় রশিদা বেগম ছুরিকাহত অবস্থায় ছটফট করতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক রশিদাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কক্সবাজার নেওয়ার পথে মারা যান চার সন্তানের জননী রশিদা।
রশিদার ভাই আবদুর রহমান বলেন, মৃত্যুর আগে তাঁর বোন বলে গেছেন, কথা-কাটাকাটির জের ধরে হোসেন তাঁকে ছুরিকাঘাত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় হোসেনকে আসামি করে হত্যা মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে উখিয়া উপজেলার কোর্টবাজারের তুতুরবিল এলাকার হোসেনের সঙ্গে রশিদা বেগমের বিয়ে হয়। বিয়ের বছর খানেকের মধ্যে সমুদ্রপথে মানব পাচারের অভিযোগে হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় আড়াই বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, রশিদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।