টেকনাফের আ.লীগ নেতা ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই হাজার ইয়াবা বড়িসহ হাম জালাল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাম জালাল কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য। জালাল টেকনাফের একটি হত্যা মামলার আসামি।
পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে লোহাগাড়ার চুনতি বনপুকুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি মাইক্রোবাস থেকে ইয়াবাসহ জালালকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়ির চালক মো. ইউসুফসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী। তিনি জানান, জালালসহ গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা হয়েছে।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, হাম জালাল টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সদস্য। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৪ সেপ্টেম্বর টেকনাফে আজিজুল হক ওরফে মার্কিন মিয়া (৩০) ও নুরুল হক (২৮) নামের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়। হাসপাতালে নেওয়ার পথে আজিজুল হক মারা যান। জালাল ওই মামলার এজাহারভুক্ত আসামি।