টেকনাফের পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব পুরানপাড়া গ্রামে পাহাড় ধসে মা-মেয়ে মারা গেছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব পুরানপাড়া গ্রামের বাসিন্দা আবুল মঞ্জুরের স্ত্রী সমুদা খাতুন (৪৫) ও তাঁর মেয়ে সোহেনা আক্তার (১৫)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোকতার আহমদ বলেন, আজ ভোরে পাহাড় ধসে আবুল মঞ্জুরের স্ত্রী ও মেয়ে মারা গেছে। ওই সময় বাড়ির গৃহকর্তা আবুল মঞ্জুর নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে থাকায় তিনি রক্ষা পান। ৩০০ ফুট দূরের পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় তাঁর বাড়িটি মাটি চাপা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আধা ঘণ্টা চেষ্টার পর লাশ দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন বলেন, নিহত মা ও মেয়ের লাশ দাফনের প্রস্তুতি চলছে।