টেকনাফের ৬০ স্থান দিয়ে চলছে মানব পাচার
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া ও থাইল্যান্ডে মানব পাচার হচ্ছে কক্সবাজারের টেকনাফ দিয়ে। টেকনাফের ৬০টি স্থান দিয়ে এই পাচার হচ্ছে। নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও পুলিশ মাঝে মাঝে যাত্রা শুরুর আগে কয়েকজনকে আটক করছে। তবে পাচার হচ্ছে এর কয়েক গুণ।
পাচারের ঘটনায় কয়েকজন আটক বা মামলা হলেও মূল হোতারা গ্রেপ্তার হয় না। ফলে পাচার না কমে বরং বাড়ছে।
গত ১৭ নভেম্বর অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ ৬১৪ জন যাত্রীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও নৌবাহিনী গত তিন বছরে এমন অন্তত পাঁচ হাজার জনকে আটক করেছে। শ্রীলঙ্কা, মিয়ানমার ও থাইল্যান্ডের নৌবাহিনীও সাগরপথে রওনা হওয়া অনেক বাংলাদেশিকে আটক করেছে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সাগরপথে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টাকালে ২০০৭ সালে ১০৬ জন, ২০০৮ সালে ১১৮ জন, ২০০৯ সালে ১৯২ জন, ২০১০ সালে ২৫৭ জন, ২০১১ সালে ৩৯৫ জন, ২০১২ সালে ৪৪৪ জন, ২০১৩ সালে ৭৮৬ জন এবং চলতি বছরে সর্বশেষ হিসাব অনুযায়ী দেড় হাজার জন আটক হয়েছে। প্রতিবছরই আটকের সংখ্যা বাড়ছে।
পাচারের পরিমাণ বাড়ায় আটকের সংখ্যা বেড়েছে বলে মনে করেন টেকনাফের লোকজন। আগে কেবল চট্টগ্রাম ও কক্সবাজারের লোকজন পাচার হলেও এখন দেশের প্রায় সব জেলার মানুষ পাচার হচ্ছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অতীতে কখনোই সাগরপথে এত মানুষকে এভাবে বিদেশে যেতে দেখিনি। ভাগ্য পরিবর্তনের লোভ দেখিয়ে দালাল চক্র সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।’
উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাচারের শিকার অন্তত ২০ জনের পরিবারের সঙ্গে প্রথম আলোর কথা হয়েছে। তাঁদের অভিভাবকেরা জানিয়েছেন, তাঁদের সন্তান যে এভাবে সাগরপথে মালয়েশিয়া রওনা হয়েছেন, তা তাঁরা জানতেন না। তাঁরা ফোন করে টাকা চাওয়ার পর বিষয়টি জেনেছেন। কিন্তু বিকাশের মাধ্যমে দুই থেকে আড়াই লাখ টাকা দেওয়ার পরও তাঁদের খোঁজ পাচ্ছেন না।
পাচারের শিকার ব্যক্তির পরিবার এবং স্থানীয় লোকজন জানান, যেকোনো উপায়ে একবার মালয়েশিয়া যেতে পারলেই লাখ টাকা আয় করা যাবে—দালালদের এমন কথায় বিশ্বাস করেছেন তাঁরা। এ ছাড়া প্রথমে টাকা লাগে না বলে ঝুঁকিপূর্ণ এই পথে যেতেও বেশি উৎসাহিত হন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফের মোট ৬০টি স্থান দিয়ে মানব পাচার হচ্ছে। মালয়েশিয়ায় মানব পাচারের অন্যতম দালাল থাইল্যান্ডের নাগরিক মানংকি। বাংলাদেশে ১৭টি চক্র তাঁকে সহায়তা করছে। ২০১২ সালে কক্সবাজারে মানব পাচার আইনে তিনটি, ২০১৩ সালে ৫২টি ও ২০১৪ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত¯৮১টি মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে নয়টি মামলা। প্রমাণ উপস্থাপনে ব্যর্থতার কারণে এসব মামলা থেকে সব আসামিই অব্যাহতি পেয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী মহাপরিদর্শক শাহ আলম প্রথম আলোকে বলেন, বেশির ভাগ সময়েই পাচারের শিকার লোকজন গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু মূল হোতাদের ধরা যাচ্ছে না। এ জন্য গতানুগতিক পদ্ধতি বদলাতে হবে। কারণ, পাচারকারীরা শুধু বাংলাদেশে নয়; মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে তারা আছে। কাজেই পুরো চক্রকে চিহ্নিত করতে হবে। কোথায় টাকা যাচ্ছে, কীভাবে যাচ্ছে—সবকিছু খতিয়ে দেখতে হবে।