টেকনিক্যাল মোড়ে চার কেজি সোনাসহ দুই ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে চার কেজি সোনার বারসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নূরুন্নবী (৩২) ও মিনহাজুল ইসলাম (২৬)।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ওই দুই যুবক টেকনিক্যাল মোড় হয়ে হেঁটে গাবতলীর দিকে যাচ্ছিলেন। পুলিশ দেখার পর তাঁরা আরও জোরে হাঁটা শুরু করেন। এতে সন্দেহ হলে তিনি সঙ্গে থাকা পুলিশ সদস্যদের তাঁদের থামিয়ে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশি চালিয়ে দেখা যায়, দুজনের কাপড়ের ভেতরে দুটি করে চারটি সোনার বার।
এসআই কামরুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দুজনই সহোদর। গ্রামের বাড়ি জয়পুরহাটে। গতকাল পল্টন থেকে এক লোকের কাছ থেকে তাঁরা ওই সোনার বারগুলো নিয়ে জয়পুরহাটে যাচ্ছিলেন। জয়পুরহাট গিয়ে সোনার বারগুলো সীমান্ত দিয়ে ভারতে পাঠানোর কথা ছিল। এর আগে এভাবে আরও তিনবার একই ব্যক্তির কাছ থেকে সোনার বার নিয়ে পাচার করেছেন বলে আটক দুই ভাই জানান। তবে তাঁরা পল্টনে সোনা সরবরাহকারী ব্যক্তির নাম বলেননি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।