গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট নুর আলমের বিরুদ্ধে নিজের ডায়াগনস্টিক সেন্টারে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে গ্রামগঞ্জ থেকে আসা সহজ-সরল রোগীরা কম মূলে৵ শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা যায়, নুর আলম ১৭ বছর আগে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (এমটি-ল্যাব) পদে যোগ দেন। যোগদানের পর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাঁকে বদলি করা হলেও ঘুরেফিরে তিনি বারবার সাদুল্লাপুরে বদলি নিয়ে এসেছেন। শেষ পর্যন্ত চলতি বছরের ২৬ জানুয়ারি নুর আলম পুনরায় সাদুল্লাপুর কমপ্লেক্সে বদলি হয়ে আসেন।
এ নিয়ে গত বছরের ২০ জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) লিখিত অভিযোগ দেয় সাদুল্লাপুর আলোকিত সচেতন নাগরিক সংগঠন। এর পরিপ্রেক্ষিতে নুর আলমের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর ও দুদক কয়েক দফা তদন্ত করলেও কোনো কাজ হচ্ছে না। তিনি তদবির করে ঘুরেফিরে বহালতবিয়তে সাদুল্লাপুরেই থাকছেন।
দুদকে দেওয়া লিখিত অভিযোগে স্বাক্ষরকারী শামসুজ্জোহা প্রামাণিক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মলমূত্র, রক্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ ইসিজি, আলট্রাসনোগ্রাম ও এক্স-রে মেশিন রয়েছে। কিন্তু নুর আলম কমপ্লেক্স-সংলগ্ন নিজের নুসরাত ডায়াগনস্টিক সেন্টারে এখান থেকে রোগী ভাগিয়ে নিচ্ছেন। সেখানে এসব গরিব রোগী বেশি টাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়ক ঘেঁষে উত্তর পাশে স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। দক্ষিণ পাশে সড়ক ঘেঁষে নুর আলমের নিজের ডায়াগনস্টিক সেন্টার।
উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কৃষক আবেদ আলী অভিযোগ করেন, কয়েক দিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাঁকে মলমূত্র পরীক্ষার পরামর্শ দেন। টেকনোলজিস্ট নুর আলমের কাছে গেলে তিনি সরকারি হাসপাতালে পরীক্ষা না করে আবেদ আলীকে নিজ সেন্টারে পাঠান। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে সেখানে পরীক্ষা করান আবেদ আলী।
এদিকে সব বিষয়ে অভিযুক্ত টেকনোলজিস্ট নুর আলম গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি যে রোগী ভাগিয়ে নিয়ে যাই তার প্রমাণ কী? অভিযোগটি মিথ্যা। পারিবারিক শত্রুতার জের ধরে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।’
গাইবান্ধার সিভিল সার্জন আমির আলী গতকাল বিকেল চারটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।