টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, চারজন আহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে শহীদ আজিজ হলে গত শনিবার গভীর রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হলে ছাত্র ওঠানোকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের হল শাখার বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের শহীদ আজিজ হলের আধিপত্য নিয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে ১ মে আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়। শনিবার রাত দেড়টার দিকে নবীন শিক্ষার্থীদের নিজেদের দলে ভিড়িয়ে হলের কক্ষে ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা রড, লাঠি, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, নাজমুস সাকিব তাঁর কয়েকজন অনুসারীকে হলে তুলছিলেন। এ সময় বাধা দিলে ওঁরা তাঁকেসহ আরও কয়েকজনকে মারধর করেন। তবে নাজমুস সাকিব বলেছেন, সংঘর্ষে ছাত্রলীগ কোনোভাবেই যুক্ত না।
টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা প্রথম আলোকে বলেন, ১ মে শহীদ আজিজ হলে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার রাতে হলে আসন পাওয়া নিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের ২২ মে থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে তিন-চারজন সামান্য আহত হন।