বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল থামিয়ে বিএনপির স্থানীয় এক নেতাকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের বাগানে। এরপর সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তাঁর নাম সিরাজুল ইসলাম (৪২)। তিনি শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।

আজ রোববার বিকেল চারটার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে ছয়ঘরিয়া-ফুলবাড়ী-বড়শলুয়ার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্য​ক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে সিরাজুলের ভাই রুহুল কুদ্দুসের কথা হয়েছে। তিনি এই প্রতিনিধিকে জানান, আজ বিকেলে বড়শলুয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সিরাজুল। মোটরসাইকেলটি তিন রাস্তার মাড়ে পৌঁছাতেই দুর্বৃত্তরা সেটি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে। ককটেল বিস্ফোরিত হওয়ায় মোটরসাইকেলটি থামালে দুর্বৃত্তরা সিরাজুলকে টেনে পাশের একটি বাগানে নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় সিরাজুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান জানান, সিরাজুলকে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান। ধারালো অস্ত্রের আঘাতে সিরাজুলের মাথার মগজ বেরিয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরে বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে।

রুহুল কুদ্দুসের দাবি, গ্রামের রাজনৈতিক প্রতিপক্ষই পরিকল্পিতভাবে তাঁর ভাইকে খুন করেছে। খুনিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, সিরাজুলকে মৃত ঘোষণা করার পর তাঁর লাশ স্বজনেরা গ্রামে নিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ আনতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।