টেনেহিঁচড়ে মেরেই ফেললেন

রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যাত্রীকে নিয়ে গোয়ালন্দ বাজারে যাচ্ছিলেন অটোরিকশাচালক ইদ্রিস সরদার (৪৫)। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা-মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে আটকে যায় অটোরিকশাটি। এরপর ট্রাকের ধাক্কায় সেটি উল্টে যায়। এর পরও সেটিকে টানতে টানতে প্রায় দেড় শ গজ পর্যন্ত নিয়ে যায় ট্রাকচালক। এ সময় অটোরিকশার সামনের গ্লাসটি ভেঙে গিয়ে ছিটকে পড়েন চালক ইদ্রিস। এরপর তাঁর ওপর দিয়ে চলে যায় ট্রাক। এতে তাঁর মাথা থেঁতলে ও শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
গতকাল শনিবার এভাবেই দুর্ঘটনার বর্ণনা করছিলেন প্রত্যক্ষদর্শী ইসলাম মোল্লাসহ কয়েকজন। নিহত ইদ্রিস শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার সাদেক সরদারের ছেলে। এদিকে দুর্ঘটনায় আহত অটোরিকশা যাত্রী নাসিমা বেগম (৪০) বেঁচে যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন গোয়ালন্দের মোগবুলের দোকান নামক এলাকায় ট্রাক ও ট্রাকের চালক রনি মোল্লাকে (৩২) আটক করে পুলিশে দেয়।
ইদ্রিসের ভাই সালাম সরদার বলেন, গোয়ালন্দ বাজারের পাশে একটি দোকান ভাড়া নিয়ে সংসার চালাতেন ইদ্রিস। কিন্তু সংসারে অভাবের কারণে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। কয়েক দিন আগেই ইদ্রিস নতুন এই অটোরিকশাটি বেশি দামে ভাড়া নেন। এদিকে এ দুর্ঘটনার খবর শোনার পর থেকে তাঁদের বৃদ্ধ বাবা সাদেক সরদার সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। তারা বাসস্ট্যান্ড থেকে কয়েক শ গজ দক্ষিণে উপজেলা পরিষদসংলগ্ন পৌর জামতলা এলাকায় গতিরোধকের দাবিতে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে বাসস্ট্যান্ডের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা-পুলিশ, গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা ও উপজেলা প্রশাসক ঘটনাস্থলে আসেন।
পরে ক্ষমতাসীন দলের নেতাদের সহযোগিতায় ইউএনও পঙ্কজ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে প্রায় সোয়া দুই ঘণ্টা পর মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হয়। গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, মামলার প্রস্তুতি চলছে।