টেবিল চাপড়ে উপাচার্যকে শাসালেন সাংসদ!
সরকারদলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দপ্তরে ঢুকে টেবিল চাপড়ে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে শাসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে সাংসদ উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে। তবে সাংসদের দাবি, তিনি সৌজন্য বজায় রেখেই উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিয়মের অভিযোগে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজকে জরিমানা করার জের ধরে এ ঘটনা ঘটে। সাংসদ ওই প্রতিষ্ঠানের সভাপতি পদে রয়েছেন।
উপাচার্যের দপ্তর সূত্রে জানা যায়, আজ উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের দপ্তরে সকাল থেকেই মেডিকেল অফিসার নিয়োগের নির্বাচনী বোর্ড চলছিল। বেলা একটার দিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য মুঠোফোনে যোগাযোগ করেন সাংসদ ওমর ফারুক। কিন্তু উপাচার্য নিয়োগ বোর্ডে থাকায় তাঁর সঙ্গে পরে দেখা করতে চান। এর ১০ মিনিট পরই সাংসদ ওমর ফারুক, তাঁর ব্যক্তিগত সহকারী দীপায়ন সরকারসহ চার-পাঁচজন উপাচার্যের দপ্তরের অপেক্ষমাণ কক্ষে প্রবেশ করেন। সেখানকার অফিস সহকারীরা উপাচার্যকে সাংসদ আসার খবর দিলে উপাচার্য নিয়োগ বোর্ড সংক্ষিপ্ত করেন। এরপর সাংসদ উপাচার্যের কক্ষে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানসহ নিয়োগ বোর্ডের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। কক্ষে প্রবেশ করে তিনি উপাচার্যের সঙ্গে উচ্চবাচ্য করেন এবং টেবিল চাপড়ে উপাচার্যকে দেখে নেওয়ার হুমকি দেন। প্রায় পাঁচ মিনিটের মতো সাংসদ দপ্তরে থেকে বিভিন্নভাবে উপাচার্যকে শাসিয়ে বের হয়ে যান।
প্রশাসন সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলের মেডিকেল কলেজগুলোর একাডেমিক অনুমোদনসহ ডিগ্রি প্রদান ও শিক্ষা কার্যক্রম দেখভাল করে থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাংসদ ওমর ফারুক চৌধুরীর পরিচালিত রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজটিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন। সেখানে ছাত্র ভর্তিসহ বিভিন্ন অনিয়মের কারণে কলেজটিকে জরিমানা করা হয়। এর জের ধরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি।
যোগাযোগ করা হলে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সাংসদের পরিচালিত মেডিকেল কলেজটিতে অ্যাকাডেমিক অনুমোদন ছাড়াই ছাত্র ভর্তি করাসহ নানা অসংগতির কারণে কলেজ পরিদর্শক দল কলেজটি পরিদর্শন শেষে জরিমানা করে। সেটা নিয়ে কথা বলতে তিনি দপ্তরে এসে খারাপ ব্যবহার করেন।’ উপাচার্য বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে উপাচার্যের দপ্তরে ঢুকে তিনি খুবই খারাপ ভাষায় কথা বলেছেন। এতে আমি উপাচার্য হিসেবে অপমান বোধ করছি। আমি সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব।’
জানতে চাইলে সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘তেমন কোনো কারণ ছাড়াই শাহ মখদুম মেডিকেল কলেজকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই জরিমানার টাকা মওকুফ করার জন্য আমি নিজের প্যাডেই উপাচার্যের কাছে আবেদন করেছিলাম। কিন্তু দীর্ঘদিন পার হলেও সেই ফাইল ঝুলিয়ে রাখা হয়েছে। সেটা নিয়ে কথা বলার জন্যই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম।’ অশালীন আচরণের বিষয়ে জানতে চাইলে এই সাংসদ দাবি করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হিসেবে যদি তিনি মনে করে থাকেন আমি খারাপ আচরণ করেছি, তবে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। তবে শালীনতার মাত্রাটি উনি আগে অতিক্রম করেছেন, না আমি করেছি, তা তিনিই বলতে পারবেন।’