টেবিল পেতে 'ঘুষ' নেন এঁরা কারা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বগুড়া কার্যালয়। দোতলায় সহকারী পরিচালকের পাশের কক্ষে চেয়ার-টেবিলে খাতা নিয়ে বসে আছেন ডাবলু নামে পরিচিত এক ব্যক্তি। তাঁর সামনে লোকজনের ভিড়। একজনকে ডাকছেন তিনি। টাকা নিচ্ছেন আর খাতায় লিখে রাখছেন ওই ব্যক্তির নাম।
১৯ মার্চ বেলা ১১টার দিকে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। কিসের টাকা জমা নেওয়া হচ্ছে, জানতে চাইলে রফিকুল ইসলাম নামের একজন ট্রাকচালক বলেন, ‘আমি রুট পারমিটের জন্য এসেছি। উনি (ডাবলু) এখানকার ক্যাশিয়ার। নানা কাজে আসা লোকজনের কাছ থেকে ঘুষের টাকা জমা নেন তিনি। টাকার হিসাব রাখতে খাতায় লিখে রাখেন। রুট পারমিট বাবদ আমিও (রফিকুল) তাঁকে ১ হাজার টাকা ঘুষ দিয়েছি।’
রফিকুলের কথার সূত্র ধরে এক সপ্তাহ বিআরটিএ বগুড়া কার্যালয়ে সরেজমিনে অনুসন্ধান করে জানা গেছে, বগুড়া সদরের ধরমপুর এলাকার বাসিন্দা একরামুল হক ওরফে ডাবলু বিআরটিএ কার্যালয়ের কর্মচারী নন। প্রায় ছয় বছর ধরে কার্যালয়ে চেয়ার-টেবিল নিয়ে বসে ঘুষ আদায় করছেন তিনি।
শুধু ডাবলু একাই নন, ঘুষের টাকা তোলার জন্য এ কার্যালয়ে আরও অন্তত পাঁচজন রয়েছেন। তাঁরা প্রতিদিন সকাল থেকে চেয়ার-টেবিল নিয়ে বসে এ কার্যালয়ে নানা কাজে আসা লোকজনের কাছ থেকে ঘুষের টাকা তোলেন। খাতাপত্রে হিসাব রাখেন। সপ্তাহ শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হিসাব বুঝিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, এখানে ঘুষ লেনদেন অনেকটা ‘ওপেন সিক্রেট’। প্রতিটি মোটর সাইকেলের নিবন্ধনের জন্য সরকারি ফির বাইরে ২ হাজার টাকা দিতে হয় শোরুম মালিকদের। তা থেকে ১ হাজার টাকা পৌঁছে যায় কর্মকর্তাদের কাছে। তবে সরাসরি নয়। সহকারী পরিচালকের নিয়োজিত ‘কোষাধ্যক্ষ’ ডাবলুর কাছে এ টাকা পৌঁছে দেন শোরুমের লোকজন। মোটর সাইকেলের নিবন্ধনের কাগজপত্র বিআরটিএতে জমা দিতে গিয়ে ঘুষ গুনতে হয় আরও দেড় হাজার টাকা। এ ছাড়া বাস-ট্রাকসহ যেকোনো বাস বা ট্রাকের রুট পারমিটের জন্য ১ হাজার (এ ক্ষেত্রে গাড়ির ফিটনেস পরীক্ষা করা হয় না), বড় গাড়ির রেজিস্ট্রেশনের জন্য ৬ হাজার, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের নিবন্ধনের জন্য ৪ হাজার, সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধনের জন্য ১০ হাজার, অন্য জেলার সিএনজি ক্রেতাদের ঠিকানা জালিয়াতির মাধ্যমে বগুড়া জেলার বাসিন্দা দেখিয়ে নিবন্ধনের জন্য ২০ হাজার, পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য দেড় থেকে ২ হাজার, মালিকানা পরিবর্তনের জন্য ৩ হাজার, ড্রাইভিং লাইসেন্সের ছবি ওঠানোর সময় ১০০ এবং লাইসেন্স সরবরাহের সময় ১০০ টাকা ঘুষ আদায় করা হয় বিআরটিএর এই কার্যালয়ে। এর মধ্যে আঞ্চলিক পরিবহন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দীর্ঘদিন বগুড়া জেলায় সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া এবং জেলার মধ্যে তা কেনাবেচা বন্ধের সিদ্ধান্ত ছিল। ওই সময় অনেকে বিভিন্ন জেলার ঠিকানায় অটোরিকশা বিক্রি করেন স্থানীয় ডিলাররা। এখন সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় বাইরের জেলার ঠিকানায় কেনা অটোরিকশা নিবন্ধনের জন্য ক্রেতারা বিআরটিএর দালালদের কাছে ধরনা দিচ্ছেন। দালালেরা শোরুম ডিলারদের কাছ থেকে বগুড়ার ঠিকানায় কাগজপত্র জোগাড় করে দিচ্ছেন। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত দিতে হচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ, মিনি ট্রাকসহ হালকা ও মাঝারি যানবাহনের ফিটনেসের জন্য সরকার নির্ধারিত ফি ৯৪৫ টাকা, বড় বাস-ট্রাকের ফি ১ হাজার ২৪৫ টাকা। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ফি ২ হাজার ৫৪২ টাকা এবং পেশাদার লাইসেন্সের ফি ১ হাজার ৫৭৫ টাকা। মালিকানা পরিবর্তন মোটরসাইকেল ১ হাজার ৭০০ থেকে ২ হাজার ১০০, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ১২ হাজার ৫০০, ট্রাক ও বাস ৫ হাজার ৭৫০ থেকে রেজিস্ট্রেশন ফির এক-তৃতীয়াংশ।
মোটরসাইকেলের নিবন্ধন, ট্যাক্স, ডিজিটাল নম্বরপ্লেট ও ডিজিটাল সনদসহ ১২ হাজার ১১৫ টাকা থেকে ১৮ হাজার ৪১৫ টাকা, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস ৮ হাজার ৫০০ থেকে ১২ হাজার ৫০০, ট্রাক ৭৫ হাজার থেকে ৯৫ হাজার টাকা।
ফিটনেস শাখায় ঘুষের টাকা তোলার জন্য চেয়ার-টেবিল নিয়ে বসেন শফিকুল ইসলাম, কম্পিউটার শাখায় বসেন রিপন ও শফিকুল ইসলাম (২)। ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, রিপনের বাড়ি বরিশালে। তিনি প্রায় আট বছর ধরে এখানে কম্পিউটার শাখায় বসে মালিকানা পরিবর্তনের কাজে আসা লোকজনের কাছ থেকে গাড়িপ্রতি ৩ হাজার টাকা হারে ঘুষ আদায় করছেন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের কাজে আসা লোকজনের কাছ থেকে ঘুষের টাকা আদায় করছেন আবদুর রাজ্জাক এবং আল আমিন নামের দুই ব্যক্তি।
২০ মার্চ অনুসন্ধানের দ্বিতীয় দিনে বিআরটিএ কার্যালয়ের একটি কক্ষে গিয়ে দেখা যায়, ড্রাইভিং লাইসেন্স করতে আসা লোকজন আবদুর রাজ্জাকের টেবিলের সামনে ভিড় করে আছেন। আবেদনপত্র জমা নিচ্ছেন। পাতা উল্টে ‘ভুল’ আছে উল্লেখ করে ফিরিয়ে দিচ্ছেন। পাশ থেকে একজন ফিসফিস করে বললেন, আবেদনপত্রের সঙ্গে দেড়-দুই হাজার টাকা না দিলে এভাবে ভুল ধরা পড়তেই থাকবে। টাকা দেন, কোনো ঝামেলা হবে না।
বগুড়ার শেরপুর থেকে আসা শাহিরুল ইসলাম নামের একজন বলেন, মোটরসাইকেল কেনার কাগজপত্রের জন্য বিআরটিএর নাম করে শোরুমে ২ হাজার টাকা নেওয়া হয়েছে। সেই কাগজপত্র জমা দেওয়ার সময় ঘুষ দিতে হচ্ছে আরও দেড় হাজার টাকা। কাকে টাকা দিতে হচ্ছে জানতে চাইলে তিনি রাজ্জাক নামের ওই ব্যক্তিকে দেখিয়ে দেন।
হারুনুর রশিদ নামের আরেকজন বলেন, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীকে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। জনপ্রতি আড়াই হাজার টাকা ঘুষ না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়। রাজ্জাক ও শফিকুলের হাতে এই টাকা দিতে হয়। এ ছাড়া ছবি তোলার সময় জাকির নামে একজনকে ১০০ এবং লাইসেন্স নেওয়ার সময় ইজামুল নামের একজনকে ২০০ টাকা ঘুষ দিতে হয়।
গত রোববার জানতে চাইলে ডাবলু বলেন, তিনি এখনো বিআরটিএ অফিসের ভেতরে কাজ করেন। এ কাজ করে তিনি শোরুম মালিকদের কাছ থেকে মাসিক ৬-৭ হাজার টাকা বেতন পান। মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের জন্য আসা আবেদনকারীদের নাম, মোটরসাইকেলের বিবরণ খাতায় লিখে রাখেন। তবে এ জন্য কারও কাছ থেকে তিনি টাকাপয়সা নেন না। সহকারী পরিচালককে কোনো টাকা দেন না।
ফিটনেস শাখার আবদুর রাজ্জাক বলেন, তিনি বিআরটিএ কার্যালয়ে কাজ করেন। তবে কোনো বেতন পান না। কারও কাছ থেকে কোনো টাকাও নেন না।
ফিটনেস শাখার শফিকুল ইসলাম বলেন, ‘বিআরটিএতে কাজ করে কোনো বেতন পাই না। তবে লোকজনকে নানা কাজ করে দিই, এতে খুশি হয়ে লোকজন যা দেন তা দিয়েই দিন চলে যায়।’
গত বুধবার মুঠোফোনে জানতে চাইলে বিআরটিএর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মোরছালিন বলেন, এই কার্যালয়ের ভেতরে-বাইরে কোনো দালাল নেই। কারও কাছ থেকে ঘুষ নেওয়া হয় না। শোরুমের মাধ্যমে অর্থ আদায় এবং কাউকে ক্যাশিয়ার নিয়োগের অভিযোগও সঠিক নয়। এই কার্যালয়ের নিয়োগপ্রাপ্ত কর্মচারী নন, অথচ ভেতরে চেয়ার-টেবিলে বসে বেআইনিভাবে দাপ্তরিক কাজকর্ম করছেন—এঁরা কারা, জানতে চাইলে তিনি বলেন, কম্পিউটার শাখায় শফিকুল ও সবুজ নামের দুজন কাজ করেন। সহকারী রাজস্ব কর্মকর্তা শামিম আরাকে সহযোগিতা দেন রিপন নামের একজন। আর ফিটনেস শাখায় সহযোগিতা দেন শফিকুল নামের আরেকজন। এঁদের বেতন-ভাতার টাকা পরিশোধ করেন শোরুম মালিকেরা। ডাবলুকে এ কার্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।