টেরিবাজারের চারটি দোকানকে জরিমানা
সামরিক, আধা সামরিক এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর পোশাকের মতো দেখতে কাপড় বিক্রি করার কারণে চট্টগ্রাম নগরের চারটি দোকানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নগরের টেরিবাজার এলাকায় র্যা বের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় দোকানগুলো থেকে ৪ হাজার ৩৩৬ গজ কাপড় উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযানে টেরিবাজারের হাজি প্লাজার ইউনিক ফেব্রিকস ও বাগদাদ ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা, তাহের ক্লথ স্টোরকে ৪০ হাজার টাকা এবং মহরম ক্লথ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বিকেলে টেরিবাজারে গিয়ে দেখা যায়, দোকানে দোকানে গিয়ে কাপড় যাচাই-বাছাই করছে র্যা বের দল। ঘটনাস্থলে থাকা র্যা ব-৭-এর উপ-অধিনায়ক মেজর এস এম সুদীপ্ত শাহীন সাংবাদিকদের বলেন, টেরিবাজারের বিভিন্ন দোকানে সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর পোশাকের মতো দেখতে থান কাপড় বিক্রি করা হচ্ছে। র্যা বের কাছে তথ্য রয়েছে, এসব কাপড় পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীরা কিনে নিয়ে পোশাক তৈরি করছে। জঙ্গিদের কাছেও যাচ্ছে এসব কাপড়। এসব কাপড় দিয়ে বানানো পোশাক পরে তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। এটা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রতিরক্ষাসহ কোনো বাহিনীর আদলের কাপড় ব্যবহার কিংবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বাগদাদ ক্লথ স্টোরের মালিক মোস্তফা কামাল বলেন, লেপ-তোশকের জন্য থান কাপড়গুলো বিক্রি করা হয়। তাঁদের কাছে যাবতীয় কাগজপত্র রয়েছে। এগুলো বিক্রি করা যাবে না—তাঁদের কেউ বলেনি।
এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, থান কাপড়গুলো বিক্রি করা যাবে না—এ রকম কোনো নির্দেশনা তাঁরা পাননি।