টেলিটকের মালামালসহ গ্রেপ্তার ৩
সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের রংপুর আঞ্চলিক কার্যালয় থেকে চুরি যাওয়া প্রায় সোয়া কোটি টাকার মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনাজপুর ও রংপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর শহরের গুড়াতিপাড়ার নাজমুল ইসলাম নিশার (৩২) ও লিমন চৌধুরী (২৩) এবং দিনাজপুরের খানসামার মণ্ডলপাড়ার ইব্রাহিম ইসলাম আউয়াল (২৮)। তাঁদের মধ্যে ইব্রাহিম ও নাজমুল টেলিটক কোম্পানির চুক্তিভিত্তিক কর্মচারী। আর লিমন রংপুর শহরের গণেশপুরে রঙধনু দোকানের মালিক।
সিম কার্ড চুরি যাওয়ার ঘটনায় রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ওই জিডি সূত্রে জানা গেছে, শহরের জিলা স্কুলের সামনে স্কাউট ভবনে টেলিটকের আঞ্চলিক কার্যালয় অবস্থিত। গত ২৬ অক্টোবর সকালে কার্যালয় খুলে স্টোররুমের তালা উল্টো দিকে লাগানো দেখতে পাওয়া যায়। এতে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে স্টোররুমের তালা খুলে দেখা যায়, সেখানে কোনো মালামাল নেই।
এ ঘটনায় ওই দিনই টেলিটকের আঞ্চলিক ব্যবস্থাপক আলভি ইসলাম কোতোয়ালি থানায় জিডি করেন। তাতে চুরি যাওয়া সিম কার্ডসহ বিভিন্ন মালামালের দাম উল্লেখ করা হয় ১ কোটি ১৬ লাখ টাকা।
পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী ঘটনার অনুসন্ধান শুরু করেন। প্রায় এক মাস পর ঘটনার রহস্য উদ্ঘাটন করেন তিনি। চুরির ঘটনায় জড়িত ইব্রাহিমকে গতকাল ভোরে দিনাজপুর খানসামার মণ্ডলপাড়া থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে রংপুর শহরের গুড়াতিপাড়া থেকে নাজমুল ও লিমনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ কোটি ৩ লাখ টাকার মালামালও জব্দ করা হয়।