টেলিভিশন দেখা নিয়ে বিরোধে নারীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে টেলিভিশন দেখা নিয়ে বিরোধের জের ধরে দুই নারীর ধস্তাধস্তির পর একজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কলেজপাড়ায় পৌর কাউন্সিলর শামিমুল হকের বাসায় তিনটি কক্ষে তিন নারী ভাড়া থাকেন। এর মধ্যে শাহাজাদী বেগম ফুটপাতে পিঠা বিক্রি করেন। তাঁর ঘরে একটি টেলিভিশন রয়েছে। বুধবার রাতে শাহাজাদী বেগমের ঘরে অপর দুই কক্ষের বাসিন্দা সুমী ও রিনা বেগম টেলিভিশন দেখতে যান। এ সময় সুমী ও রিনার মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল দুপুরে ওই দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এর পরপরই সুমী বেগম (২২) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে সুমী মারা যান। সুমী টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলার বাহাদিপুরের লিটু সরকারের স্ত্রী।

ঘটনার পর পুলিশ রিনাকে (৫০) গ্রেপ্তার করে। এসআই জাকির হোসেন জানান, সুমীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিনা বেগমও আঘাত করার কথা স্বীকার করেননি। ময়নাতদন্ত শেষে সুমীর লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সুমীর মৃত্যুর কারণ জানা যাবে।