গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকার সাইনবোর্ড বাজারে টোল আদায়কে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে সাইনবোর্ড বাজার এলাকার ব্যবসায়ীরা গতকাল বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।
প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইনবোর্ড এলাকার বাজারটি গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও তাঁর চাচা আমিন উদ্দিন সরকার চলতি মাস থেকে এক বছরের জন্য ইজারা পান। ইজারা পাওয়ার পর থেকেই ইজারাদারের লোকজন গত মঙ্গলবার থেকে বাজারের দোকান মালিকদের কাছে দোকান প্রতি ১০০ ও ২০০ টাকা টোল দেওয়ার কথা বলে আসছিল। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের নেতৃত্বে জুয়েল মণ্ডল, কালা বিল্লাল, মোহাম্মদ আলী, বাদল, মশিউর রহমানসহ ১৪-১৫ জন লোক এসে বিভিন্ন দোকানির কাছে অতিরিক্ত টোল দাবি করেন। কিন্তু দোকানিরা অতিরিক্ত টোল দিতে অস্বীকার করায় ইজারাদারদের লোকজন ব্যবসায়ীদের ওপর হামলা চালান এবং কয়েকটি দোকান ভাঙচুর করেন। একপর্যায়ে ব্যবসায়ীরা প্রতিহত করতে এগিয়ে গেলে তাঁরা ব্যবসায়ীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে এবং লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
টঙ্গী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাহবুবুর রহমান জানান, বিকেল পাঁচটার দিকে সাইনবোর্ড এলাকা থেকে এলাকাবাসী সংঘর্ষে আহত শাহীন (২২), আবুল হোসেন (৫৫) ও ইজ্জত আলীকে (৫০) টঙ্গী হাসপাতালে আসেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় ব্যবসায়ী জলিল উদ্দিন খন্দকার ওই বাজারের ইজারার জন্য দরপত্র আহ্বান করেছিলেন। কিন্তু তিনি ইজারা পাননি। ইজারা পেয়েছেন আমার চাচা আমিন উদ্দিন সরকার। পয়লা বৈশাখ থেকে এক বছরের জন্য ইজারা পান তিনি। আমাদের লোকজন পয়লা বৈশাখের আনন্দমিছিল নিয়ে ওই বাজারের কাছে যাওয়ার পর পরই জলিল খন্দকারের লোকজন অতর্কিতে আমাদের লোকজনের ওপর গুলিবর্ষণ ও হামলা করেন।’ অতিরিক্ত টোল দাবির কথা অস্বীকার করেন তৌহিদুল।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল জানান, অতিরিক্ত টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান জানান, সংঘর্ষ ও গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।