ট্রলারসহ মিয়ানমারের ৯২ ব্যক্তি আটক
কক্সবাজারে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে ১২টি মাছ ধরার ট্রলারসহ ৯২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানানো হয়েছে।
নৌবাহিনীর সেন্টমার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সাইফুল আলম কিবরিয়া বলেন, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নৌবাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজ টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের কয়েকটি মাছ ধরার ট্রলার দেখতে পেয়ে নৌবাহিনী চ্যালেঞ্জ করে। তখন ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া করে ১২টি ট্রলারে থাকা ৯২ জনকে আটক করে নৌবাহিনী।
সাইফুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের নাগরিক বলে জানিয়েছে। ওই এলাকায় মাছ বেশি ধরা পড়ায় তারা অবৈধভাবে ঢুকে মাছ শিকার করছিল বলেও স্বীকার করেছে। তিনি বলেন, আটক ব্যক্তিদের রাতের মধ্যে সেন্টমার্টিন দ্বীপে নেওয়া হবে। কাল বুধবার যেকোনো সময়ে টেকনাফ থানায় নেওয়া হবে। সবার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে মামলা করা হবে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, বিষয়টি শুনেছি। এখনো থানায় হস্তান্তর করা হয়নি।