ট্রলারসহ ৫৬ জেলে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় বাহিনী।
জেলেরা সবাই কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। তাঁরা ভারতের কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানা হেফাজতে রয়েছেন বলে ট্রলার মালিকেরা জানিয়েছেন।
কুতুবদিয়া থানা-পুলিশের একটি সূত্র জানায়, ৬ ডিসেম্বর রাতে দুটি ট্রলারে করে ৫৬ জন জেলে খুলনার সুন্দরবন এলাকার বঙ্গোপসাগরে মাছ করতে যান। ওই দিন রাতে বাংলাদেশ জলসীমা থেকে ট্রলারসহ তাঁদের ভারতে ধরে নিয়ে যাওয়া হয়। একটি ট্রলারের মালিক কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের মো. এহছান। অন্য ট্রলারের মালিক বড়ঘোপ ইউনিয়নের নুর মোহাম্মদ।
এফবি আল্লাহ মালিক নামের ট্রলারটি ব্যবসায়ী নূর মোহাম্মদের। তিনি জানান, তাঁর ট্রলারে ২৮ জন জেলে ছিলেন। তাঁরা এখন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানা হেফাজতে রয়েছেন। ৮ ডিসেম্বর তিনি এ বিষয়ে কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রলারসহ জেলেদের ভারত থেকে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।