ট্রলারে অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার চলছেই
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে এখনো অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে ইঞ্জিনচালিত ট্রলার। লঞ্চের তুলনায় ভাড়া ও সময় কম লাগায় যাত্রীরা এসব ট্রলারে চড়ছেন। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সম্প্রতি এক দুপুরে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া থেকে অতিরিক্ত যাত্রী বহন করে ট্রলার দৌলতদিয়ায় ফিরছে। দৌলতদিয়া থেকে ট্রলারমালিক প্রায় ৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন নৌফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য। ওই ট্রলারের মালিক রাতুল খান জানান, দৌলতদিয়ায় এ রকম প্রায় ৩২টি ও পাটুরিয়ায় তিনটি ট্রলার রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে তিনি বলেন, যাত্রী আরও বেশি নেওয়া যায়। দুর্ঘটনা এড়াতে কম নেওয়া হচ্ছে।
ট্রলারঘাট প্রবেশপথে দুটি চেয়ার নিয়ে বসে টোল তুলছেন রুস্তম কাজী ও হাকিম শেখ নামের দুই ব্যক্তি। তাঁরা জানান, কম ভাড়ায় নদী পারাপারের জন্য অনেকেই ট্রলারে ওঠেন। তাই টার্মিনাল চার্জ নিতে এখানে বসেছেন তাঁরা। তবে ট্রলারঘাটে বসে টার্মিনাল চার্জ আদায় বৈধ কি না, সে প্রসঙ্গে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি। তাঁদের দাবি, বাস থেকে নামার পর সব যাত্রী টার্মিনাল ব্যবহার করে পার হন বলেই তাঁদের থেকে টোল আদায় করা হয়।
পাটুরিয়া থেকে আসা ট্রলারযাত্রী ঝিনাইদহের শৈলকুপার আতিয়ার হোসেন, কুষ্টিয়ার কুমারখালীর হেলাল মোল্যা বলেন, হরতালে লোকাল বাসে ঢাকা থেকে পাটুরিয়ায় আসেন। এরপর ট্রলারে মাত্র ১০ টাকা ও টার্মিনাল চার্জ দুই টাকা দিয়ে নদী পার হন। অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারে পার হওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কি না, জানতে চাইলে তাঁরা বলেন, ঝুঁকি তো থাকবেই, তার পরও চলতে হবে।
রাজবাড়ীর রেজাউল করিম বলেন, ‘দ্রুত পৌঁছাতে ট্রলারে উঠেছি।’ বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের আরিচা অঞ্চলের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ বলেন, ‘ট্রলারে অতিরিক্ত যাত্রী বহনের নিয়ম নেই। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বসে গুনে গুনে যাত্রী নিয়ে লঞ্চ ছাড়া হচ্ছে। ট্রলারের বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক দুলাল সরকার বলেন, ‘কত কিছুই তো হচ্ছে, সবকিছুই কি বৈধভাবে হচ্ছে? এ কারণে তেমন কিছু বলি না।’ তবে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।