ট্রলারে করে ফেরিতে এসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি রো রো ফেরিতে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ইঞ্জিনচালিত ট্রলারে করে এসে ফেরিতে থাকা যাত্রীদের টাকা, মুঠোফোনসহ অনেক মূল্যবান সামগ্রী লুট করে চলে গেছে।
আজমেরী পরিবহনের যাত্রী ফরিদপুরের ব্যবসায়ী বিভাস দত্ত বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমাদের বাসটি পাটুরিয়া থেকে ফেরিতে ওঠার পর দৌলতদিয়ার উদ্দেশে রওনা করে। মাঝনদীতে ফেরিটি পৌঁছার পর একটি ইঞ্জিনচালিত ট্রলার আমাদের সামনে এসে ফেরির গায়ে লাগল। আমরা ভেবেছিলাম হয়তো ট্রলারে থাকা যাত্রীরা বিপদে পড়েছে, তাই ফেরিতে উঠছে। কিছুক্ষণের মধ্যে ট্রলারের ছয়-সাতজন যুবক ফেরিতে উঠেই বাসের অলিগলিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে সবকিছু কেড়ে নেওয়া শুরু করল। আমরা ভয়ে কেউ বাস থেকে নামিনি। মাত্র ২০ মিনিটের মধ্যে বাস থেকে নামা যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে দ্রুতগতিতে ওই ট্রলারে করেই তারা চলে যায়। এ সময় আমাদের এক বাসযাত্রী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানান, ডাকাতেরা তাঁর বেতনের টাকা ও মুঠোফোনসহ প্রায় অর্ধ লাখ টাকার জিনিস কেড়ে নিয়েছে। তাঁর মতো ২০-২৫ জন যাত্রীর কাছে যা পেয়েছে সবই কেড়ে নিয়েছে।’
শাহ পরান ফেরির দ্বিতীয় মাস্টার আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিন ধরে ফেরিতে এমন ঘটনা ঘটছে। গত বুধবার আমার ফেরিতে এমন ঘটনা ঘটে।’
দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে এত দিন জুয়াড়িরা হানা দিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করত। এখন ট্রলারে হুট করে এসে লুটপাটের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, ‘এরা ছিঁচকে ছিনতাইকারী বা জুয়াড়ু ধরনের। কেউ থানায় এসে অভিযোগ করেনি। বিষয়টি জানার পর নৌ-ফাঁড়ির পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।’