ট্রলারে দস্যুদের হানা ১৬ জনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবনের কচিখালী এলাকার বঙ্গোপসাগরে গত শনিবার রাতে ১৬ জন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় অন্তত ১৬টি মাছ ধরার ট্রলার লুট করা হয়।
লুণ্ঠনের শিকার ট্রলারের জেলেরা গতকাল রোববার সকালে পাথরঘাটায় ফিরে বলেন, শনিবার রাত একটার দিকে সুন্দরবনের কচিখালী-সংলগ্ন বঙ্গোপসাগরের অন্তত ৫০টি ট্রলারে করে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় সশস্ত্র জলদস্যুরা দুটি ট্রলারে করে সেখানে পৌঁছে জেলেদের ওপর আকস্মিক হামলা চালায়। দস্যুরা জেলেদের কয়েকটি ট্রলার নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং সেসব ট্রলারের জেলেদের বেঁধে ফেলে। তারা অন্তত ১৬টি ট্রলারে হামলা চালায় এবং ট্রলারগুলোর ১৬ জন মাঝিকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে রাত তিনটার দিকে দস্যুরা অপহৃত জেলেদের নিয়ে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। তবে দস্যুরা কোন বাহিনীর তা জানা যায়নি।
জেলেরা আরও জানান, জলদস্যুরা প্রায় ৩০ লাখ টাকার ইলিশ, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে গেছে। লুণ্ঠিত ট্রলারগুলোর মধ্যে সাতটির নাম জানা গেছে। এগুলো হলো এফবি রফিক, এফবি ভাই ভাই, এফবি মায়ের দোয়া, এফবি আল্লার দান, এফবি দুলাল, এফবি ভাইবোন ও এফবি মায়ের আশীর্বাদ।
অপহৃত মাঝিদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন লিটন, সগির, ইউনুস, দুলাল, খালেক, রফিক মিয়া, জাহাঙ্গীর ফকির, লালমিয়া, কালাম, কবির ও জাকির। তাঁদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর অপহৃত মাঝিদের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘ইলিশ মৌসুমের মাঝামাঝি চলে এলেও ইলিশের দেখা মিলছে না। তার ওপর জলদস্যুদের হামলা অব্যাহত থাকলে আমাদের বাঁচার পথ থাকবে না।’
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আবদুর রউফ গতকাল দুপুরে বলেন, ডাকাতির খবর রাতেই জেনেছি। কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের নেতৃত্বে সুন্দরবনের নিজামপুর ও কচিখালী ক্যাম্পের সদস্যরা অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে।