ট্রলারে মিলল ১৮ হাঙর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কচা নদীতে একটি ট্রলার থেকে গতকাল শুক্রবার ১৮টি হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। ঘটনায় জড়িত থাকায় আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ১৮টি হাঙর নিয়ে ট্রলারযোগে জেলেরা ইন্দুরকানির পাড়েরহাট মৎস্য বাজারে যাচ্ছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ভান্ডারিয়ার তেলিখালী এলাকার কচা নদী থেকে ট্রলারটি আটক করেন। এরপর তল্লাশি চালিয়ে ট্রলার থেকে হাঙরগুলো জব্দ করেন। এ সময় আটজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল কুদ্দুস আটক ওই আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। পরে তাঁর উপস্থিতিতে হাঙরগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।
ভান্ডারিয়া থানা সূত্র জানায়, দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ট্রলারের মালিক বেলাল ফকির (৩৪), জেলে মাসুদ খন্দকার (১৭), বায়জিদ শেখ (২০), ফারুক মাতুব্বর (৩৫), আল আমিন (১৮), রেজাউল ইসলাম (১৯), হাবিবুর রহমান (৪০) ও মো. ওহাব খান (৫০)। তাঁদের মধ্যে বেলালকে আট দিন ও অন্যদের তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সবার বাড়ি ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।
বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হোসেন বলেন, জব্দ করা ৫০ মণ ওজনের ১৮টি হাঙরের আনুমানিক দাম ৫০ লাখ টাকা। এগুলো পাচারের উদ্দেশ্যে বঙ্গোপসাগর থেকে শিকারের পর নিয়ে যাওয়া হচ্ছিল। হাঙর শিকার, পরিবহন, মজুত ও কেনাবেচা নিষিদ্ধ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, কারাদণ্ড পাওয়া আট ব্যক্তিকে কারাগারে পাঠানো হচ্ছে।