ট্রলি নিয়ে উদ্বেগ, অবশেষে যা মিলল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালপুর থানায় রাখা কষ্টিপাথরের দুটি মূর্তি। ছবি: প্রথম আলো
লালপুর থানায় রাখা কষ্টিপাথরের দুটি মূর্তি। ছবি: প্রথম আলো

নাটোরের আবদুলপুর রেলস্টেশনে শোরগোল। প্ল্যাটফর্মে পড়ে থাকা দুটি ট্রলি ঘিরেই এ উত্তেজনা। ভেতরে কী আছে তা নিয়ে ভীতি, উৎকণ্ঠা উপস্থিত সবার মধ্যে। কেউ কেউ ধারণা করছেন, বোমা জাতীয় কিছু। বিস্ফোরণ ঘটানোর জন্য হয়তো রাখা হয়েছে। আবার কেউ কেউ বলতে শুরু করেন, ট্রলিতে মরদেহ রয়েছে।

জেলার লালপুরের এ রেলস্টেশনের ঘটনাটি একপর্যায়ে আবদুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হয়। কেন্দ্রের দায়িত্বরত পুলিশ পরিদর্শক আকবর আলী ঘটনাস্থলে আসেন। তিনিও ট্রলি দুটি খোলার সিদ্ধান্ত নিতে পারেন না। অবশেষে খবর পেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল চৌকস পুলিশ সেখানে যায়।
পুলিশের সদস্যরা প্রথমে সতর্কতার সঙ্গে ট্রলি দুটি সরানোর চেষ্টা করেন। কিন্তু অত্যধিক ভারী হওয়ার কারণে তা সরানো যাচ্ছিল না। পরে ব্যাগের চেইন খুলে দেখা যায়, ট্রলির ভেতর একটি রাধা-কৃষ্ণের যুগল মূর্তি আর অন্যটি বিষ্ণুর মূর্তি রয়েছে। মূর্তি দুটি কষ্টিপাথরের বলে পুলিশ ধারণা করছে।

দুপুরে মূর্তি দুটি লালপুর থানায় নিয়ে যাওয়া হয়। এখন তা থানার মালখানায় রয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, মূর্তি দুটির মালিকের হদিস পাওয়া যায়নি। ঘটনাটি লালপুর আমলি আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশক্রমে মূর্তি দুটি পরীক্ষা করিয়ে দেখা হবে তা কষ্টিপাথরের কি না।