ট্রলি-বাণিজ্য, রোগীরা জিম্মি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে ভর্তি হওয়া রো​গীদের পরীক্ষা–নিরীক্ষার জন্য ট্রলিতে করে এক ভবন থেকে অন্য ভবনে নিতে হয়। ট্রলি বহনকারী কর্মচারীরা এ জন্য নগদ টাকা আদায় করেন রোগীর স্বজনদের কাছ থেকে। টাকা না দিলে ট্রলি মেলে না। ছবিটি বুধবার সকালের l প্রথম আলো
হাসপাতালে ভর্তি হওয়া রো​গীদের পরীক্ষা–নিরীক্ষার জন্য ট্রলিতে করে এক ভবন থেকে অন্য ভবনে নিতে হয়। ট্রলি বহনকারী কর্মচারীরা এ জন্য নগদ টাকা আদায় করেন রোগীর স্বজনদের কাছ থেকে। টাকা না দিলে ট্রলি মেলে না। ছবিটি বুধবার সকালের l প্রথম আলো

রোগীর পরীক্ষা-নিরীক্ষা বা এক বিভাগ থেকে অন্য বিভাগে স্থানান্তর করলেই ট্রলি বহনকারীদের ৫০ থেকে ৩০০ টাকা দিতে হয়। সাধারণ রোগীরা জিম্মি ট্রলি বহনকারী চতুর্থ শ্রেণির কর্মচারীদের কাছে। এ চিত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের।
বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের নাছরিন বেগম গাইনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর সঙ্গে থাকা মাকসুদা বেগম জানান, আলট্রাসনোগ্রাম করার কথা বলেছেন চিকিৎসক। তাঁকে (নাছরিন) ট্রলিতে তোলে চতুর্থ শ্রেণির এক কর্মচারী পরমাণু বিভাগে নিয়ে যান। সেখানে রোগীকে নামিয়ে দিয়েই ২০০ টাকা দাবি করেন ওই কর্মচারী। ‘গরিব মানুষ’ বলেও কোনো লাভ হয়নি। ২০০ টাকা দিতে হয়েছে।
গত ৩১ মে দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের জরুরি বিভাগ এবং ওয়ার্ড থেকে রোগীদের ট্রলিতে আনা-নেওয়া করছেন কর্মচারীরা। ৮০ বছর বয়সী মো. নেছারউদ্দিনকে ট্রলিতে করে ল্যাবে নেওয়া হচ্ছে কয়েকটা পরীক্ষার জন্য। এ সময় তাঁর পাশে দুই স্বজন ছিলেন। ট্রলি ঠেলছিলেন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী রিজিয়া বেগম। পরীক্ষা শেষে রিজিয়াকে ১০০ টাকা দিতে হয়েছে।
জানতে চাইলে রিজিয়া বেগম বলেন, ‘আমরা তো জোর করে কোনো টাকা নিই না। রোগী আনা-নেওয়া করি। খুশি হয়ে যে যা দেয় তা-ই নিই।’
নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক প্রথম আলোকে বলেন, বছরের পর বছর তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এক স্থানে থাকায় তাঁরা প্রশাসনকে তোয়াক্কা করেন না। এর সঙ্গে রাজনৈতিক প্রভাব তো রয়েছেই। কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে নানা সুপারিশ চলে আসে। এসব কর্মচারীর ক্ষেত্রে বদলির ব্যবস্থা রাখা উচিত।
এ ব্যাপারে হাসপাতালের গাইনি বিভাগের প্রধান সেলিনা পারভীন বলেন, হাসপাতালে জনবল-সংকট রয়েছে। শুধু রোগী নয়, চিকিৎসকেরাও তাঁদের কাছে জিম্মি। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের এক কর্মকর্তা বলেন, হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার, পরীক্ষা-নিরীক্ষা ব্যতীত অন্য কোনো সেবার ক্ষেত্রে, বিশেষ করে পরিচ্ছন্ন কার্যক্রম এবং রোগীদের ট্রলিতে বহন করার জন্য কোনো অর্থ নেওয়া যাবে না। তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ কিংবা দৈনিক ভিত্তিতে নিয়োগ হলেও তাঁরা কোনো অর্থ নিতে পারবেন না।
নার্সেস অ্যাসোসিয়েশন বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুন্নেছা হারুন বলেন, ‘হাসপাতালে চতুর্থ শ্রেণির কিছু কর্মী দৈনিক মজুরিভিত্তিক কাজ করেন। তাঁরা রোগীদের ট্রলিতে বহন করে কিছু অর্থ নেন। এ ব্যাপারে প্রতিবাদ করা হলেও এটা বন্ধ হচ্ছে না।’