
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল ও অবরোধে চট্টগ্রামের আন্দরকিল্লা এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। ফেনীতে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন দুজন। গত রোববার রাতে নেত্রকোনার দুর্গাপুরে পাথরবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে বরগুনার পাথরঘাটায় পৌর ভবনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে লাইসেন্স শাখার কক্ষ ও আসবাব পুড়ে গেছে। মাগুরায় মৎস্য কার্যালয়ের গ্যারেজে রাখা একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল ছিল অবরোধের ৭০তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ এ পর্যন্ত সহিংসতায় নিহত হয়েছেন ১২১ জন, আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২৩টি যানবাহনে ও ভাঙচুর করা হয়েছে ৬৫৭টি।
নাশকতায় জড়িত থাকার সন্দেহ, মামলা ও অন্যান্য ঘটনায় গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ গ্রেপ্তার বা আটক করা হয়েছে ৫৮ জন।
চট্টগ্রামে ছয়জন আহত: নগরের আন্দরকিল্লার বকশিরবিট এলাকায় গত রাত নয়টার দিকে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণে ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ও দুজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে মোহাম্মদ আবু তাহের (৬৫), রিকশাচালক মোহাম্মদ শহীদ (৫০), কলেজছাত্র মাহির ফয়সাল (২২) ও প্রবাসী আরিফুল ইসলামকে (২৮)। জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া দুজন হলেন জুয়েল চক্রবর্তী (২৪) ও মোহাম্মদ শফি (৪৫)।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, ককটেল বিস্ফোরণে আহত চার রোগীর অবস্থা গুরুতর। তাঁদের মধ্যে মাথায় আঘাত পেয়েছেন আবু তাহের, চোখে মোহাম্মদ শহীদ, বাঁ হাতে আরিফুল ইসলাম এবং বুকে আঘাত পাওয়া মাহির ফয়সাল।
আরও নাশকতা: নেত্রকোনোর দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি এলাকায় রোববার রাত ১০টার দিকে একটি পাথরবোঝাই ট্রাকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। এ ছাড়া চালক সাদ্দাম হোসেনকেও ছুরিকাঘাত করা হয়।
রোববার রাতে বরগুনার পাথরঘাটা পৌর ভবনের লাইসেন্স শাখার একটি কক্ষে আগুনে আসবাবসহ গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। নৈশপ্রহরী আবদুর রব জানান, তিনি রাতে পৌর ভবনে দায়িত্বরত ছিলেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা তিনি বলতে পারছেন না। পাথরঘাটা পৌরসভার লাইসেন্স পরিদর্শক বিপ্লব কুমার রায় জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দিয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তালাবদ্ধ কক্ষ আগুনে পুড়ে যাওয়া রহস্যজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের ভায়না এলাকায় জেলা মৎস্য অফিসের গ্যারেজে রাখা একটি সরকারি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে গাড়ির ইঞ্জিনের অংশ পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা পাঁচ-সাতটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা গোলক চন্দ্র বলেন, পেট্রল বা অন্য কী দিয়ে আগুন লাগানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী বাজারে গতকাল বিকেলে ককটেল বিস্ফোরণে ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ীসহ দুজন আহত হয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের উত্তর পাশের সীমানাপ্রচীরের বাইরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ছোটাছুটি শুরু করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মছজিদ্দা গ্রামের ইলিয়াছ পেট্রলপাম্প এলাকা থেকে সাতটি পেট্রলবোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তার: পুলিশের অভিযানে সাতক্ষীরায় জামায়াতের একজন কর্মীসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়াকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাতে উপজেলা সদরের নিজসরাইল এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সিরাজগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সিরাজগঞ্জ পৌর এলাকার নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার জাহিদ হোসেন (৩০), একডালা মহল্লার সুলতান শেখ (৩২) ও উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া দক্ষিণপাড়ার আলমগীর হোসেন (২৮)।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সহসভাপতি শাহনেওয়াজ খানকে রোববার রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।